বিদ্যালয় বন্ধ করে ছাত্রীদের নিয়ে এমপির প্রোগ্রামে প্রধাণ শিক্ষক
বিদ্যালয় বন্ধ করে প্রায় ৪ শতাধিক ছাত্রীদের নিয়ে কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে হাজির থাকার অভিযোগ উঠেছে পারকৃষ্ণ গোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মেহেদী হাসানের বিরুদ্ধে। জানা যায়, শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাটের চামা এলাকায় স্থাপিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, অভিভাবক ও সুধী সমাবেশ কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ ) আসনের সংসদ সদস্য মোহাঃ গোলাম রাব্বানী এমপি। এই অনুষ্ঠানে পারকৃষ্ণ গোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল মেহেদী হাসান বিদ্যালয় বন্ধ করে শিক্ষক ও ছাত্রীদের নিয়ে সকাল ১০ টার সময় কলেজ চত্বরের অনুষ্ঠানে হাজির হন। ছাত্রীদের উপস্থিতির প্রায় ২ ঘন্টা পর দুপুর ১২ টায় প্রধান অতিথি মোহাঃ গোলাম রাব্বানী বিদায়, অভিভাবক ও সুধী সমাবেশে উপস্থিত হন। প্রধান শিক্ষকের ভয়ে প্রচন্ড গরমে প্রায় ৪ শতাধিক ছাত্রী প্যান্ডেলের নিচে অস্বস্থির মাঝে বসে থাকেন। নাম প্রকাশ না করার শর্তে ৭ম শ্রেনির এক ছাত্রী বলেন, কি হবে জানিনা, আমাদের হেড মাষ্টারের নির্দেশে আমরা সবাই এখানে এসেছি। স্কুল বন্ধ করে আমাদের এখানে আনা হয়েছে।
ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বলেন, আমাদের হাজিরা শেষে বিদ্যালয় বন্ধ করে এখানে আমাদের সকলকে আসতে বাধ্য করেছে প্রধান শিক্ষক। এখানে পিপাসা লাগলেও পানির কোন ব্যবস্থা নেই।
পারকৃষ্ণ গোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল মেহেদী হাসান বলেন, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল হকের আমন্ত্রণে এখানে ছাত্রীদের নিয়ে এসেছি।
বিদ্যালয় বন্ধ করে ছাত্রীদের নিয়ে এখানে এসেছেন, উর্ধ্বতন কেউ জানে কি? প্রশ্নের জবাবে তিনি বলেন, শিবগঞ্জ উপজেলা একাডেমী সুপার ভাইজার আব্দুল মান্নানকে জানানো হয়েছে। পরে আবার বলেন, আপনার অপ্রত্যাশিত প্রশ্নের কারণে আব্দুল মান্নানের নাম বলেছি। আসলে কাউকে বলা হয়নি। আপনার হয়তো জানা নেই, আমার তিনদিন স্কুল ছুটি দেয়ার ক্ষমতা আছে। এমন কিছু করিয়েন না, যাতে অসুবিধা হয়, বলে তিনি প্রতিনিধিকে পরোক্ষ হুমকি প্রদান করেন।
এবিষয়ে শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মাহমুদের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি অবগত হলাম, আগামীকাল প্রধান শিক্ষককে কারন দর্শানোর নোটিশ করা হবে। দোষী সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তহুরুল ইসলাম বলেন, এমপির প্রোগ্রামের জন্যই ছাত্রীদের নিয়ে যাওয়া হয়েছিল। এটা এমন কিছু না যে নিউজ করতে হবে। হাজিরা নিয়ে বিদ্যালয় বন্ধ করে ছাত্রীদের নিয়ে এমপির প্রোগ্রামে যাওয়ার পক্ষে আপনার কোন বক্তব্য আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবিষয়ে আমার কোন বক্তব্য নেই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন